ঢামেক হাসপাতালে আহত আহমদিয়া সম্প্রদায়ের ইমাম

আহত মোস্তাফিজুর রহমানময়মনসিংহে হামলার শিকার আহমদিয়া সম্প্রদায়ের ইমাম মোস্তাফিজুর রহমানকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সেখানে ভর্তি করানো হয়।

৮ মে সোমবার রাত ৯টার দিকে মোস্তাফিজুর রহমান (৩৫) নামের ওই ইমামকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

পুলিশ জানিয়েছে, আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভোরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ।

আহত মোস্তাফিজুর রহমান সরিষা ইউনিয়নের কানপুর গাংপাড়া গ্রামের আহমদিয়া মসজিদের ইমাম ছিলেন। পুলিশ জানিয়েছে, তার ওপর হামলায় তিনজন অংশ নিয়েছিল। এরমধ্যে আব্দুল আহাদ নামে এক হামলাকারীর বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দার কইরাটি গ্রামে। ওই হামলাকারী স্থানীয়দের হাতে গণধোলাইয়ে আহত হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, হামলাকারীরা কাদিয়ানি বিদ্বেষী সম্প্রদায়ের লোকজন। তবে কি কারণে হামলা করা হয়েছে তদন্ত শেষে এ বিষয়ে জানা যাবে।

/এআইবি/এমপি/