মুনীরা বশীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) রাতে বাবার শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়াতে আইসিইউতে নেওয়া হয়। এখনও অবস্থার কোনও উন্নতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।’ তিনি আরও বলেন, ‘আমার মা এই মুর্হূতে লাইফ সাপোর্টে রয়েছেন, বাবা আইসিইউতে। দেশবাসীর কাছে বাবা-মায়ের জন্য দোয়া চাই আমরা।’
মুনীরা বশীর জানান, শিল্পী মুর্তজা বশীরের ফুসফুসে পানি জমেছে এবং তার কিডনিও ঠিকমতো কাজ করছে না। চিকিৎসকরা ফুসফুসের পানি দূর করার চেষ্টা করছেন। তবে গত ৭ মে এই হাসপাতালের লিফটে প্রায় দেড় ঘণ্টা আটকে থেকে মুতর্জা বশীরের শ্বাসকষ্ট আরও বেড়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। ওই দিন রাত ১০টা ১০ মিনিট থেকে প্রায় দেড় ঘণ্টা লিফটে আটকে ছিলেন চিত্রশিল্পী মুর্তজা বশির ও তার ছেলে মেহরাজ বশির। মুনীরা বলেন, ‘লিফটে আটকে থাকার পর বাবার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।’
উল্লেখ্য, চিত্রশিল্পী, কার্টুনিস্ট ও ভাষা আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী মুর্তজা বশীরের জন্ম ১৯৩২ সালের ১৭ আগস্ট। উপমহাদেশের প্রখ্যাত বহু ভাষাবিদ, জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ্’র সন্তান তিনি। ১৯৪৯ সালে ঢাকা আর্ট কলেজে (বর্তমান চারুকলা ইনস্টিটিউট) ভর্তি হন তিনি। এর আগে থেকেই তিনি ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। এ জন্য কারাভোগও করেন তিনি।
/জেএ/টিআর/