তাভেল্লা সিজার হত্যা মামলা চলবে

তাভেল্লা সিজার হত্যাকাণ্ডইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে মামলার অন্যতম আসামি বিএনপি নেতা আবদুল কাইয়ুমের ভাই এম এ মতিনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বিচারিক আদালতে তার বিরুদ্ধে মামলাটি চলতে আর কোনও বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার (৪ জুলাই) বিচারপতি মোহাম্মদ শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বিচারিক আদালতে চলমান মামলার কার্যক্রম স্থগিত চেয়ে তিনি এই আবেদন করেছিলেন।
আদালতে আসামি মতিনের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মামুনুর রশীদ।
২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে খুন হন ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার। ওই ঘটনায় দায়ের করা মামলায় গত বছরের ২২ জুন অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ২০১৬ সালের ২৫ অক্টোবর কাইয়ুম, মতিনসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ আদেশের বিরুদ্ধে মামলার অন্যতম আসামী এম এ মতিন হাইকোর্টে রিভিশন আবেদন করেন। আবেদনটি মঙ্গলবার শুনানি শেষে আদালত তা খারিজ করে দেন।

আরও পড়ুন-

দুই হাত হারানো সিয়ামকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ আদালতের

/এমটি/টিআর/