ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার বাংলা ট্রিবিউনকে জানান, তার স্বামীর শারীরিক অবস্থা নাজুক হয়ে পড়েছে। তিনি বলেন, ‘ফরহাদকে আমরা বারডেমে নিয়ে এসেছি। চিকিৎসকরা বলেছেন, তাকে ভর্তি করাতে হবে। তাই তাকে ভর্তি করানোর প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি।’
এর আগে মঙ্গলবার বিকালে আদালতের অনুমতি পেয়ে তাকে সরাসরি বারডেমে নেওয়া হয়।
উল্লেখ্য, সোমবার (৩ জুলাই) ভোররাতে মোহাম্মদপুর লিংক রোডের হক গার্ডেনের নিজ বাসা থেকে বের হন ফরহাদ মজহার। এরপর ভোর ৫টা ২৯ মিনিটে তিনি স্ত্রীকে ফোন করে জানান, ‘ফরিদা, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ পরে তার স্ত্রী আদাবর থানায় অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে র্যাব-৬ যশোর নওয়াপাড়া থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করে। পরে তাকে আদাবর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের সহকারী কমিশনার (এসি) হাফিজ আল ফারুকের নেতৃত্বে তাকে যশোর থেকে ঢাকায় আনা হয়।
এরপর ফরহাদ মজহারকে নিয়ে যাওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়। জবানবন্দি দেওয়ার পর তিনি নিজ জিম্মায় যাওয়ার আবেদন করলে শুনানি শেষে তার এই আবেদন মঞ্জুর করেছেন আদালত।
/এনএল/জেইউ/জেএইচ/