রাজধানীর রামপুরা থানার বনশ্রীতে গলায় ফাঁস দিয়ে ফারহানা ইসলাম (৩৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে বনশ্রীতে এ ঘটনা ঘটে।
তিনি নরসিংদী পলাশ উপজেলার সুন্দরপুর গ্রামের হুমায়ুন কবিরের স্ত্রী। মঙ্গলবার সকাল ১১টার দিকে বনশ্রী ব্লক এ, ২ নম্বর রোডের ১৪ নম্বর ৬ তলা বাসায় ২য় তলায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন। অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে বেলা সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফারহানা ইসলামের একমাত্র ছেলে তানজিম কবির জানান, তারা বনশ্রীর ওই বাসায় ভাড়া থাকেন। মঙ্গলবার সকালে রুমের দরজা বন্ধ করে তার মা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি তানজিম।
/টিএন/