তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ঢাকা) দেবাশীষ বর্ধনকে। অন্য দুই সদস্য হলেন— সহকারী পরিচালক (ঢাকা) মামুন মাহমুদ ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বাংলা ট্রিবিউনকে জানান, আগুনের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে খুব অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি আরও জানান, কী কারণে ও কীভাবে আগুন লেগেছে সেজন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। এয়ার ইন্ডিয়ার অফিস থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগুনের ঘটনায় বিমান বন্দর কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিমানবন্দর পুলিশের একটি সূত্র জানায়, বিমানবন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় একটি ফায়ার ইউনিট রয়েছে। কিন্তু আগুনের ঘটনায় তাদের কোনও কার্যক্রম চোখে পড়েনি। অগ্নিকাণ্ডের ১০-১৫ মিনিট পর খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস যেতে লেগেছে আরও কিছু সময়। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে।
/জেইউ/জেএইচ/