আইএমও’র সেক্রেটারি জেনারেল ঢাকা আসছেন ২৬ আগস্ট

আইএমও’র সেক্রেটারি জেনারেল কাইট্যাক লিম

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা  আন্তর্জাতিক নৌ-সংস্থার (আইএমও) সেক্রেটারি জেনারেল কাইট্যাক লিম আগামী ২৬ আগস্ট  বিকালে বাংলাদেশ সফরে আসছেন। তিনি ২৭ আগস্ট ঢাকায় হোটেল রেডিসন ব্লু-তে বাংলাদেশি নাবিকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে কর্মকৌশল নির্ধারণ বিষয়ক সেমিনারে অংশ নেবেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব নৌ সেক্টরে জাহাজ কোম্পানিগুলোর নাবিকদের চাহিদা বিবেচনায় বাংলাদেশি নাবিকদের দক্ষতা উন্নয়ন ও তাদের কর্মসংস্থান বৃদ্ধিতে কর্মকৌশল নির্ধারণ বিষয়ে সেমিনারে আলোকপাত করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি নাবিকদের প্রশিক্ষণের মান তুলে ধরা ও বিশ্ব বাজারে বাংলাদেশি নাবিকদের কর্মক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে পেশাগত উৎকর্ষ সাধনে কৌশল নির্ধারণকল্পে আয়োজিত সেমিনারে শিপিং সেক্টরের  দেশি-বিদেশি স্বনামধন্য ব্যক্তিরা তাদের প্রবন্ধ উপস্থাপন করবেন।

সফরকালে আইএমও’র সেক্রেটারি জেনারেল চট্টগ্রামে মেরিন একাডেমি, চট্টগ্রাম বন্দর, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, প্রাইভেট শিপইয়ার্ড এবং শিপ রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করবেন। এছাড়া তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং কোস্টগার্ড-এর মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন করবেন। দু’দিনের সফর শেষে তিনি ২৯ আগস্ট রাতে ঢাকা ত্যাগ করবেন।