পুলিশ ও ব্যাংক কর্মকর্তাসহ অজ্ঞানপার্টির খপ্পরে চারজন

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালরাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়া ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ চারজনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) পৃথক স্থান থেকে উদ্ধার করে তাদের হাসপাতালে আনা হয়। ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ এসআই  বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

ডেমরা থানার কনস্টেবল কবির হোসেন (৪২) ছুটি কাটিয়ে বরগুনার গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। তাকে সায়দাবাদ এলাকা থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করে ওয়ারী থানা পুলিশ। ডেমরা থানার এএসআই  আব্দুল বাতেন জানান, কবির হোসেনকে লোকজন উদ্ধার করে ডিসি অফিসে নিয়ে আসেন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তেজগাঁও থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাওরান বাজার শাখার ক্যাশিয়ার কাজী ইরফান (২৭) ও বাংলাদেশ কমার্স ব্যাংকের মাসুমকে (২৭) কাওরান বাজার থেকে উদ্ধার করে শনিবার রাতে পুলিশ ঢামেক হাসপাতালে ভর্তি করে।

এছাড়া, রাজধানীর মধ্যবাড্ডা এলাকার পান ব্যবসায়ী নাসির উদ্দিন (৪০) অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। তিনি শনিবার বেলা ১১টার দিকে মালামাল কিনতে শ্যামবাজারের উদ্দেশে বের হন। এরপর থেকে স্বজনরা তার খোঁজ পাচ্ছিলেন না। পরে হাসপাতালে এসে তাকে শনাক্ত করেন। তাকে পথচারীরা হাসপাতালে নিয়ে আসেন।