দুই দিন আগে ভাড়া নেওয়া হয়েছিল ভালুকার ‘জঙ্গি আস্তানা’

ভালুকার ‘জঙ্গি আস্তানা’য় নিহত ব্যক্তি (ছবি- সংগৃহীত)ময়মনসিংহের ভালুকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা একটি বাড়িতে বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছে। ওই বাড়িটি মাত্র দু’দিন আগে ভাড়া নিয়েছিল ওই ব্যক্তি। স্ত্রী ও দুই সন্তান নিয়ে সে ওই বাসায় ওঠে শুক্রবার (২৫ আগস্ট)। রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিস্ফোরণের পর সে মারা যাওয়ার পর থেকেই স্ত্রী ও দুই সন্তান পলাতক রয়েছে। এদিকে, ভাড়াটিয়ার কোনও কাগজপত্র না রাখায় বাড়িওয়ালাকে আটক করা হয়েছে। ভালুকা থানার পরিদর্শক মো. হযরত আলী বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পরিদর্শক হযরত আলী বলেন, ‘মাত্র দুই দিন আগে ভালুকা থানার কবির বাড়ি ইউনিয়নের মাস্টার বাড়ির পশ্চিম পাশের ডোবাইল্যাপাড়ার আজিম উদ্দিন নামে এক ব্যক্তির সেমিপাকা বাড়িটি ভাড়া নেয়। তবে ভাড়াটিয়ার কোনও কাগজপত্র বাড়িওয়ালা রাখেনি। পরে কাগজপত্র দেবে বলে তারা বাড়িতে উঠেছে। ১০/১২ টি রুমের বাড়িটির প্রতিটি রুমই আলাদা।’
ভালুকা থানার পরিদর্শক জানান, রবিবার সন্ধ্যার দিকে বিস্ফোরণ হয়। এরপর ওই নিহত ব্যক্তির স্ত্রী তার দুই সন্তান নিয়ে পালিয়েছে। তবে পুলিশ এখনও বাড়ির ভেতরে ঢুকতে পারেনি। পরিদর্শক হযরত আলী বলেন, ‘বাড়ির ভেতরে আরও বোমা থাকতে পারে। তাই আমরা ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট আসার জন্য অপেক্ষা করছি। তারা এখানে এসে পৌঁছালেই আমরা ভেতরে ঢুকব।’
পুলিশ জানায়, ভাড়াটিয়াদের তথ্য সংরক্ষণের জন্য জনপ্রতিনিধিদের দিয়ে ফরম বিতরণ করা হলেও বাড়িওয়ালা আজিম উদ্দিন এই ভাড়াটিয়ার কোনও তথ্যই রাখেননি। শুধু তাই নয়, ভাড়াটিয়ার নামও বলতে পারেননি এই বাড়িওয়ালা। হযরত আলী বলেন, ‘আমরা পুরো বাড়িটি ঘিরে রেখেছি। লাশ ভেতরে পড়ে আছে।’ বিস্ফোরণে নিহতের দুই হাতের কব্জি উড়ে গেছে বলে জানান তিনি।
এদিকে, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদের বরাত দিয়ে আমাদের ময়মনসিংহ প্রতিনিধি জানিয়েছেন, বিস্ফোরণের পর ওই ব্যক্তির স্ত্রী ও দুই সন্তান আহত অবস্থায় পালিয়েছে। ওই পরিবারটি সিরাজগঞ্জের বাসিন্দা পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নিয়েছিল। বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে বলে ধারণা করছে পুলিশ।

আরও পড়ুন-
ভালুকায় ‘জঙ্গি আস্তানা’য় বিস্ফোরণ, নিহত ১