পুলিশ সুপার বলেন, ‘ছোট্ট ওই রুমের ভেতরে একটি চৌকি আছে। চৌকির ওপরেই রয়েছে একটি ব্যাগ। কিছু জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। দরজা ও জানাল দিয়ে রুমের ভেতরের এসব চিত্র দেখা গেছে। তবে এখনও আমরা ভেতরে ঢুকিনি। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল টিম রওয়ানা হয়েছে। তারা আসার পর আমরা ভেতরে ঢুকব। আপাতত আমরা বাড়িটি ঘিরে রেখেছি।’
পুলিশ সুপার আরও বলেন, ‘রুমের দরজার মুখেই নিহত ব্যক্তির লাশ পড়ে আছে। বিস্ফোরণে তার দুই হাতের কব্জি উড়ে গেছে। তার পেটের কাছে একটি মোবাইল ফোন পড়ে আছে।’
উল্লেখ্য, রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ভালুকা থানার কবির বাড়ি ইউনিয়নের মাস্টার বাড়ির পশ্চিম পাশের ডোবাইল্যাপাড়ার আজিম উদ্দিন নামে এক ব্যক্তির সেমিপাকা বাড়িতে একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে একজন নিহত হয়েছে। বিস্ফোরণের পর থেকে নিহতের স্ত্রী ও দুই সন্তান পলাতক রয়েছে।
জানা গেছে, সিরাজগঞ্জের বাসিন্দা পরিচয়ে দুই দিন আগে শুক্রবার (২৫ আগস্ট) ওই বাড়িটি ভাড়া নেওয়া হয়। তবে ভাড়াটিয়ার নাম-ঠিকানা থেকে কোনও তথ্যই বাড়িওয়ালা আজিম উদ্দিন জানেন না। এ ঘটনার পর তাকে আটক করা হয়েছে। পুলিশ ধারণা করছে, বোমা বানানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।