মামলার অগ্রগতি বিষয়ে বাদীপক্ষে আইনি সহায়তাদানকারী বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য ফাহমিদা আক্তার রিংকি সাংবাদিকদের বলেন, এদিন আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ মামলাটি বদলির আদেশের বিষয় উল্লেখ করে সাক্ষ্যগ্রহণ মুলতবি রেখে মামলাটি বদলির জন্য ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন। বর্তমানে মামলাটি বদলির অপেক্ষায় রয়েছে।
২০১৬ সালের ২৪ আগস্ট কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের ফুটওভার ব্রিজে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় রিশাকে। স্কুলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর ২৮ আগস্ট সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিশার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে আসামি ওবায়দুল পলাতক ছিলেন। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩১ আগস্ট নীলফামারীর ডেমরা থানার সোনারগাঁও থেকে গ্রেফতার করার পর ৬ দিনের রিমান্ডে নিলে রিমান্ডের চতুর্থ দিন ওবায়দুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। গত বছরের ১৪ নভেম্বর ওবায়দুল হককে একমাত্র আসামি করে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আলী হোসেন।