ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ‘রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনাল’ এ অংশ নিতে শ্রীলঙ্কায় যাচ্ছে। আগামী ১০ থেকে ১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে ক্যাম্পাসভিত্তিক আন্তর্জাতিক এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
কলম্বোর গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। স্বাগতিক শ্রীলঙ্কাসহ বাংলাদেশ, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাতের এই আটটি বিশ্ববিদ্যালয়ের দল ‘রেড বুল’ আয়োজিত ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস টুর্নামেন্টে অংশ নিতে আগামী ৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় পৌঁছাবে।
প্রাইভেট ইউনিভার্সিটি টি-টুয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়ন ২০১৭ এ চ্যাম্পিয়ন হওয়ায় ইউল্যাব ক্যাম্পাসভিত্তিক আন্তর্জাতিক এ টুর্নামেন্টে অংশগ্রহণ করার আমন্ত্রণ পায়। ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালেও ইউল্যাব ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ থেকে একমাত্র বিশ্ববিদ্যালয় হিসাবে এ টুর্নামেন্টে অংশ নিয়েছিল। ২০১৬ সালে ইউল্যাব রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস টুর্নামেন্টে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্ট নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউল্যাবের ক্রিকেট টিমের কোচ সারোয়ার ইমরান, ইউল্যাব ফিল্ডস স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও টিম ম্যানেজার মো. তৌফিক আজিজ ও ইউল্যাব ক্রিকেট টিমের অধিনায়ক আঞ্জুম আহমেদ জেসি।