অফিসে ডিএনসিসি’র প্যানেল মেয়র, ঠিকাদারদের মহড়া

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্যানেল মেয়ররা বুধবার নগর ভবনে এসেছিলেন। এদিন প্যানেল মেয়র হিসাবে ওসমান গনি মেয়র আনিসুল হকের সুস্থতা কামনার মধ্য দিয়ে অফিস শুরু করেছেন। তবে অভিযোগ উঠেছে, কালো তালিকাভুক্ত কয়েকজন ঠিকাদার তাদের লোকজন নিয়ে নগর ভবনে মহড়া দিয়েছে।

নগরে ভবনে প্যানেল মেয়ররানাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নগর ভবনের কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়র আনিসুল হক কখনও দুর্নীতিবাজ ঠিকাদারদের প্রশ্রয় দিতেন না। যেসব ঠিকাদার ঠিকমতো কাজ করতো না তাদের কালো তালিকাভুক্ত করে রাখতেন। এখন তিনি অসুস্থ হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ অবস্থায় সরকার ডিএনসিসিতে প্যানেল মেয়র নির্বাচন করে। সেই ঠিকাদাররাই এখন প্যানেল মেয়রের কাছে আসার চেষ্টা করছে। সে জন্যই তারা নগর ভবনে দলবল নিয়ে মহড়া দিচ্ছে।’

তবে, এ বিষয়ে প্যানেল মেয়র ওসমান গনির বক্তব্য নেওয়ার জন্য ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

বুধবার সকালে গুলশান-২ এ অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে প্যানেল মেয়রের দায়িত্বগ্রহণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান ও ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, ডিএনসিসির প্যানেল মেয়র ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ওসমান গনি, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফা এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজিসহ অন্যান্য ওয়ার্ড কাউন্সিলর ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক, শ্রদ্ধা নিবেদন ও তার পরিবারের শহীদ সদস্যদের কবর জিয়ারত করেন ডিএনসিসির সদ্য দায়িত্বপ্রাপ্ত প্যানেল মেয়র ওসমান গনি।