রামপুরায় গৃহবধূর আত্মহত্যা, স্বামীর বিরুদ্ধে প্ররোচনার মামলা

আত্মহত্যার প্রতীকী ছবিরাজধানীর রামপুরায় সাথী আক্তার (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনার পরপরই তার স্বামী জসিম উদ্দিন পালিয়ে যায়। এ ঘটনায় স্বজনরা প্ররোচনার অভিযোগে তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত জসিম উদ্দিনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে। 

সোমবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে সাথী আক্তারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রামপুরা থানার এসআই মো. আফজাল হোসেন রবিবার রাতে বনশ্রী বি ব্লকের ৬ নম্বর রোডের ২৮ নম্বর বাসা থেকে সাথী আক্তারের মরদেহ উদ্ধার করেন। সাথী বেগম ওই বাসায় ফ্যানের সঙ্গে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস দেন। সোমবার ভোরে তার মরদেহটি ঢাকা মেডিক্যালের মর্গে পাঠায় পুলিশ।

মৃতের চাচা এস এম শাহ আলম অভিযোগ করে বলেন, সাথী আক্তারের স্বামী জসিম হাওলাদার তাকে কারণে অকারণে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এ কারণেই সাথী আক্তার আত্মহত্যা করেছে।

রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, এ ঘটনায় জসিম হাওলাদারকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সাথী আক্তারের বাবার বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ছোট বানাই গ্রামে। তার এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। আত্মহত্যার আগে পাশের রুমের এক নারীর কাছে মেয়েকে রেখে যান সাথী বেগম।