রাজধানীর খিলগাঁওয়ে অমি ঋষি দাস (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মধ্য নন্দীপাড়ার ২নং স্কুল রোডের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার এসআই মো. এমাদুল হক জানান, সকালে অমি ঋষি দাসকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার ছোট মেয়ে। তার চিৎকারে পরিবারের অন্যরা এসে অমি দাসকে নিচে নামান। খবর পেয়ে পুলিশ গিয়ে দুপুর সোয়া ১২টার দিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। অমি ঋষি দাসের স্ত্রী জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
অমি ঋষি দাসের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দীঘিরপাড়ে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।