এমআইএসটিতে কোর্স পদ্ধতি চালুর সিদ্ধান্ত

এমআইএসটি’র ১৯তম কাউন্সিল সভা (ছবি- আইএসপিআর)মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) সেমিস্টার পদ্ধতি থেকে কোর্স পদ্ধতি প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল অব এমআইএসটি। বুধবার (৪ অক্টোবর) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এমআইএসটি’র ১৯তম সভা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষামন্ত্রীকে স্বাগত জানান এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আবুল খায়ের।

সভায় এমআইএসটিতে সেমিস্টার পদ্ধতি থেকে কোর্স পদ্ধতি প্রবর্তন, আন্ডারগ্র্যাজুয়েটে ভর্তি পরীক্ষার সংশোধিত নীতিমালা-২০১৭ অনুমোদন,  প্রতি টার্ম ডিউরেশন ১৫ সপ্তাহ করার অনুমোদনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সেনাবাহিনী প্রধান, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ভিসি বিইউপি, ইঞ্জিনিয়ার-ইন-চিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, অর্থ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রোহিঙ্গা সংকট নিয়ে বৈঠক করতে দিল্লিতে শহীদুল হক