হটলাইনে অভিযোগ, সিজিএ ও পাসপোর্ট অফিসে দুদকের ঝটিকা অভিযান

দুদকহটলাইনে অভিযোগ পেয়ে সেগুনবাগিচায় কন্ট্রোলার অব অডিটর জেনারেল (সিজিএ) অফিস ও আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে দুদকের দু’টি টিম সিজিএ ও পাসপোর্ট অফিসে অভিযান চালায়। এসময় তারা কিছু অনিয়ম দেখলে সেগুলো নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করেন তারা।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার হটলাইন বিভাগ অভিযোগ পায়, সিজিএ অফিস ও পাসপোর্ট অফিসে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন। এ তথ্য পেয়ে দুদকের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী তাৎক্ষণিকভাবে দু’জন উপ-পরিচালকের নেতৃত্বে দু’টি টিম ঘটনাস্থলে পাঠান। এসব টিমের নিরাপত্তার জন্য দুদকের নিজস্ব আর্মড ইউনিটের আট জন সদস্যকেও তাদের সঙ্গে পাঠানো হয়।’
প্রণব কুমার জানান, দুদকের টিম সিজিএ ও পাসপোর্ট অফিসে গিয়ে কিছু অনিয়ম দেখতে পেয়েছেন। সংশ্লিষ্ট দফতরের শীর্ষ কর্মকর্তাদের এগুলো অবহিত করার পর তাৎক্ষণিকভাবে সুরাহা করা হয়। দুদকের অভিযানে সেবা গ্রহীতারা সন্তোষ প্রকাশ করেন বলেও জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা।
আরও পড়ুন-
সাংবাদিক শিমুল হত্যা: মেয়র মিরুর জামিন সংক্রান্ত আদেশ রবিবার