তাজরীনের মামলায় আবারও নতুন তারিখ, সাক্ষী নেই

পুড়ে ছাই হয়ে যাওয়া তাজরীন ফ্যাশনসের একটি ফ্লোরঅন্যান্য বারের মতো এবারও আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও প্রাণহানির মামলায় সাক্ষী হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষের প্রধান আইনজীবী মারা যাওয়ায় ও সাক্ষী হাজির না হওয়ায় ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী তারিখ ঘোষণা করেন। আগামী ৮ নভেম্বর শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগেও এ মামলায় সাক্ষীর অভাবে একাধিকার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। চোখের সামনে অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিক নিহতের ঘটনায় সাক্ষী না পাওয়াটা নিয়ে অবাক হচ্ছেন খোদ রাষ্ট্রপক্ষের আইনজীবীও। যদিও প্রত্যক্ষ সাক্ষীরা ঘটনাস্থলের আশেপাশেই আছেন, কাজ করছেন ভিন্ন কারখানায়।

গত বছরের ২২ ডিসেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন সিআইডি পুলিশের পরিদর্শক মহসীন উজ্জামান খান। এতে ১০৪ জনকে সাক্ষী করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, নানা জটিলতায় সাক্ষী হাজির করা সম্ভব হচ্ছে না। অনেক সাক্ষী আগ্রহ হারিয়েছেন– এমন অভিযোগও আছে।

২০১৫ সালে শুরু হওয়া সাক্ষ্যগ্রহণের হিসেব দেখলে জানা যায়, ওই বছরের ১ অক্টোবর ও ১ নভেম্বর সাক্ষী হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ।

পরে ২০১৬ সালের ১০ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হলেও পরবর্তী তারিখ ৭ ফেব্রুয়ারিতে সাক্ষ্য হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ। এ বছরের ১০ এপ্রিল দুজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। এরপর ৮ মে, ৫ জুন, ১১ জুলাই, ১৩ আগস্ট, ২৫ সেপ্টেম্বর কোনও সাক্ষী হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ। এরপর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয় ২০১৬ সালের ১৩ নভেম্বর। এরপর প্রতি মাসে দিন ধার্য হয়, কিন্তু সাক্ষী আনা সম্ভব হয় না বলে নতুন দিন ধার্য হয়।

আসামিপক্ষ কোনও ধরনের চাপ প্রয়োগ করছে কিনা জানতে চাইলে প্রসিকিউটর এম এ মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে নির্ধারিত তারিখ ছিল। আসামিপক্ষের আইনজীবী মারা যাওয়ায় তারা তিন মাসের সময় চেয়ে আবেদন করেছিল। আদালত এক মাস সময় মঞ্জুর করেছেন।’

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাষ্ট্রপক্ষ সাক্ষী আনতে পারে না। এ মামলায় বেশিরভাগ সাক্ষীই পুলিশ। তাদের হাজির না করতে পারার কোনও কারণ নেই। আমাদের দিক থেকে কোনও সমস্যা ছিল না।’

২০১২ সালে ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে ভয়াবহ ওই অগ্নিকাণ্ড হয়। আগামী মাসে মর্মান্তিক এ ঘটনার পাঁচ বছর পূর্ণ হতে চললেও এখন পর্যন্ত নিহত শ্রমিকদের পরিবার বিচার পাননি।