সায়েদাবাদে দুই বাসের চাপায় নিহত ১

বাসচাপারাজধানীর যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকায় দু’বাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মফিজুল ইসলাম লিয়ন (৪৮)। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
আহতবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধারকারী তোফায়েল আহামদ জানান, সায়েদাবাদ জনপথ মোড় ও যাত্রাবাড়ীর মাঝামাঝি স্থান দিয়ে রাস্তা পারাপারের সময় দু’বাসের চাপায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৩টায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পিতার নাম মো. মনিরুল ইসলাম। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নীড়ওয়ারী গ্রামের বাসিন্দা ছিলেন।