ব্লু হোয়েল গেমসে আসক্ত কলেজছাত্রের ঢামেকে চিকিৎসা

ব্লু হোয়েলব্লু হোয়েল গেমসে আসক্ত চাঁদপুরের ফরিদগঞ্জের এক কলেজছাত্রকে বুধবার (২৫ অক্টোবর) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা তাকে আগামীকাল বৃহস্পতিবার আবারও আসতে বলেছেন।

ঢামেকে ওই ছাত্রের খালাতো ভাই বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগে বুধবার তাকে দেখানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার মানসিক সমস্যা আছে। বৃহস্পতিবার তাকে আবারও এখানে দেখানো হবে।’

তিনি আরও জানান, ব্লু-হোয়েল গেমসের চার ধাপ খেলার পর তার খালাতো ভাই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সূচালো কিছু দিয়ে বাম হাতে তিমির চিহ্ন এবং ডান পায়ের ঊরুতে বিভিন্ন সাংকেতিক চিহ্ন আঁকাসহ নানা রকম ক্ষত রয়েছে শরীরে। চার ধাপ পার হওয়ার পর সে বাড়ির এক তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। 

বিএ প্রথম বর্ষের ওই ছাত্র জানান, ব্লু হোয়েল গেমস কি, তা জানার চেষ্টা থেকেই তিনি এতে আসক্ত হয়ে পড়েন।