যাত্রাবাড়ীতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাশ উদ্ধাররাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জে সায়েমা আকতার মুন (১৭)  নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মুনের মামা মুন্না জানান, বুধবার সন্ধ্যায় ৪/সি, করাতিটোলা লেনের বাসায় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে মুন আত্মহত্যা করেছে। তা দেখে মুনের মা শাহানাজ বেগম চিৎকার দিলে প্রতিবেশিরা এসে   দরজা ভেঙে তাকে নিচে নামান।

পরে ঢামেক হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৭টার দিকে মুনকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম মো. লিটন। সে শেরেবাংলা গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, তা তার পরিবার জানাতে পারেনি। এক ভাই ও এক বোনের মধ্যে মুন ছিল বড়।