পরিচয়পত্র ছাড়া আইনজীবী সহকারীদের সুপ্রিম কোর্টে প্রবেশ নিষিদ্ধ

সুপ্রিম কোর্টনির্ধারিত পোশাক ও পরিচয়পত্র ছাড়া আইনজীবী সহকারীদের সুপ্রিম কোর্টে প্রবেশ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো.আবদুল ওয়াহ্হাব মিঞা এ নির্দেশনা দেন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার সোহাগ রঞ্জন পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘আইনজীবী সহকারীদের বার বার নির্দেশ দেওয়া সত্ত্বেও অধিকাংশ সহকারীই তা পালন করছেন না। ২৯ অক্টোবর থেকে নির্ধারিত পোশাক ও পরিচয়পত্র ছাড়া আইনজীবী সহকারীদের সুপ্রিম কোর্টে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।’

বিজ্ঞপ্তিতে কোর্ট অফিসার, কোর্ট কিপার ও সুপারিনটেনডেন্টদের ওই নির্দেশনা কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট শাখার দায়িত্বরত সহকারী রেজিস্ট্রারদেরও বিষয়টি নজরদারি করতে বলা হয় বিজ্ঞপ্তিতে।