বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক আ ফ ম মাহবুবুল হক মারা গেছেন। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
শুক্রবার মাহবুবুল হকের মৃত্যুর পর গণমাধ্যমে পাঠানো বাসদের বিবৃতিতে বলা হয়, আ ফ ম মাহবুবুল হক ছিলেন শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা। বিপ্লবী রাজনীতিতে তার আপোষহীন লড়াই এ দেশের বামপন্থী নেতাদের অনাদিকাল পথ দেখাবে। সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আজন্ম সেনানি এই বীর যোদ্ধার মৃত্যুতে দেশের বাম আন্দোলনের অপূরণীয় ক্ষতি হলো।
আ ফ ম মাহবুবুল হক ১৯৬৭-৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাকিস্তান ছাত্রলীগ সূর্য সেন হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৮-৬৯ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য, ১৯৬৯-৭০ সালে কেন্দ্রীয় সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিএলএফ’র অন্যতম প্রশিক্ষক ও পরিচালকের দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৭২ সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ১৯৭৩-৭৮ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। পরে ১৯৭৮-৮০ সালে জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ১৯৮০ সালের শেষের দিকে বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য হন। ১৯৮৩ সালে বাসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নিযুক্ত হন।
আ ফ ম মাহাবুবুল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিপিবি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাম নেতা সাইফুল হক, শ্রমিক নেতা মোশরেফা মিশুসহ অনেকে।