জাসাস সহসভাপতি রাহিজা খানম ঝুনু আর নেই

রহিজা খানম

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর  সহসভাপতি রাহিজা খানম ঝুনু আর নেই। রবিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ১৯৯০ সালে একুশে পদক পেয়েছেন রাহিজা খানম। আজ রবিবার জোহরের নামাজের পর পুরান ঢাকার কয়েরটুলিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও বিকাল ৩টায় শিল্পকলা একাডেমিতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

সোমবার ময়মনসিংহের ভালুকায় বাদ জোহর মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

স্বামী আমানুল্লাহ চৌধুরী এবং দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন একুশে পদকপ্রাপ্ত এ শিল্পী।

রাহিজা খানমের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাজহারুল আনোয়ার শোক প্রকাশ করেছেন।