আর্মিদ ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি শপথ গ্রহণকারী রিক্রুটদের উদ্দেশে সমাপনী ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, কাদিরাবাদ সেনানিবাসের সব স্তরের সামরিক সদস্য ও তাদের পরিবারের সদস্য, নবীন সৈনিকের অভিভাবক এবং বেসামরিক গণ্যমান্য ব্যক্তিরা প্যারেড উপভোগ করেন।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার কোরের ২০১৭-২ রিক্রুটগণ দীর্ঘ এক বছর কঠোর প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরে সৈনিক হিসেবে যোগ দেবেন।
আর্মি সার্ভিস কোর (এএসসি)-এর সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
এদিকে আর্মি সার্ভিস কোরের রিক্রুট ব্যাচ-১৭-এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড সোমবার (২৭ নভেম্বর) খুলনার জাহানাবাদ সেনানিবাসস্থ এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। তিনি সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় সদ্য শপথ গ্রহণকারী এএসসি সেন্টার রিক্রুট ব্যাচ-১৭-এর নবীন সৈনিকদের আন্তরিক শুভেচ্ছা জানান। মনোজ্ঞ কুচকাওয়াজের প্যারেড কমান্ডার হিসেবে মেজর শেখ আব্দুল্লাহ হেল মামুন প্যারেড পরিচালনা করেন।
উল্লেখ্য, এএসসি সেন্টার রিক্রুট ব্যাচ-১৭ আর্মি সার্ভিস কোরে ৫ম বারের মতো মহিলা রিক্রুটসহ রিক্রুটরা শপথ গ্রহণ করেন। এই রিক্রুট ব্যাচে সব বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে মোছা. উর্মিলা বেগম এবং দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট হিসাবে মো. আকরাম হোসেন নির্বাচিত হন। একইসঙ্গে সব বিষয়ে ভালো ফলের জন্য 'সি' কোম্পানি শ্রেষ্ঠ কোম্পানি হওয়ার গৌরব অর্জন করে।