পিলখানা হত্যা মামলায় আসামিপক্ষের অন্যতম আইনজীবী আমিনুল ইসলাম বলেছেন, ‘এই রায়ে আমরা ন্যায়বিচার পাইনি।’ সোমবার এ মামলা সংক্রান্ত হাইকোর্টের রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রেই একটি সাক্ষী বা কোনও সাক্ষী ছাড়া যে রায় নিম্ন আদালত দিয়েছিল তাই বহাল রাখা হয়েছে। এ রায় আমরা প্রত্যাশা করিনি। আমরা মনে করি এ রায়ে আমরা ন্যায়বিচার পাইনি।’
প্রসঙ্গত, পিলখানা হত্যা মামলায় ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ ছাড়া যাবজ্জীবন দেওয়া হয়েছে ১৮৫ জনকে। আর খালাস পেয়েছেন ৪৯ জন। সোমবার বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই রায় দেন।