শেখ মনির ৭৮তম জন্মবার্ষিকী আজ

শেখ ফজলুল হক মনি (ছবি: ফোকাস বাংলা)মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৭৮তম জন্মবার্ষিকী আজ সোমবার। ১৯৩৯ সালে ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক শেখ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন।

শেখ মনির জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু। বনানী কবরস্থানে শেখ ফজলুল হক মনির কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ এবং কলাবাগান মাঠে শেখ মনির জন্মবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বঙ্গবন্ধুর সঙ্গে শেখ ফজলুল হক মনি (ছবি: ফোকাস বাংলা)

মহান মুক্তিযুদ্ধে শেখ মনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন।

স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নির্দেশে শেখ মনি ১৯৭২ সালে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে যুব রাজনীতির সূচনা করেন। শেখ ফজলুল হক মনি ব্যক্তি জীবনে দুই ছেলে সন্তানের জনক ছিলেন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে শেখ ফজলুল হক মনি ও তার স্ত্রী বেগম আরজু মণি শাহাদাৎ বরণ করেন।

শেখ মনি ঢাকা নব কুমার ইনিস্টিটিউট থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন। এরপর তিনি জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন ১৯৫৮ সালে। ১৯৬০ সালে তিনি বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন।বঙ্গবন্ধুর সঙ্গে শেখ ফজলুল হক মনি (ছবি: ফোকাস বাংলা)

শেখ ফজলুল হক মনি কেবল রাজনীতি নয়, সাহিত্য এবং সাংবাদিকতায়ও অবদান রাখেন। তাঁর ‘অবাঞ্ছিতা’ উপন্যাস পাঠক সমাদৃত। দৈনিক বাংলার বাণী, ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমস ও বিনোদন ম্যাগাজিন ‘সিনেমা’র সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

এদিকে শেখ মণির জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কলাবাগান মাঠে দিনব্যাপী জন্মোৎসবের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী আয়োজিত জন্মোৎসবের উদ্বোধন করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এছাড়াও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম উপস্থিত থাকবেন। সূত্র: বাসস।