টাঙ্গাইলের কান্দাপাড়া যৌনপল্লি বন্ধে হাইকোর্টের রুল

টাঙ্গাইল শহরের কান্দাপাড়া যৌনপল্লি কেন বন্ধ করা হবে না এবং তাদের পুনর্বাসন কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, সমাজ কল্যাণ সচিব, টাঙ্গাইলের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বোরহান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

রিটের পক্ষের আইনজীবী জানান, ওই এলাকায় অবস্থিত টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আমির কুদরত-ই-এলাহী খান কান্দাপাড়া যৌনপল্লি বন্ধ এবং যৌনকর্মীদের পুনর্বাসনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়, যৌনপল্লির পাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে।