এসডিজি বাস্তবায়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার পরামর্শ

ছবি: সংগৃহীতটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে আদিবাসী, শিশু, নারী, দলিত, বৃদ্ধ, প্রতিবন্ধী, বৃহন্নলা তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম। বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই প্ল্যাটফর্মের এক অনুষ্ঠানে একথা বলেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, ‘এসডিজির মাধ্যমে সবাইকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ এসেছে। কাউকে পেছনে রাখা যাবে না। এসডিজির মাধ্যমে আমরা যে প্রতিজ্ঞা করেছি, তার মাধ্যমে প্রতিটি নাগরিকের জীবনে একটা পরিবর্তন নিয়ে আসা যাবে। ফলে প্রত্যেক মানুষের জীবন সাফল্যের সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে পারে।’

ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, ‘দেশে যেন সুশাসন প্রতিষ্ঠিত হয় সেজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি পরস্পর হাত রেখে এগিয়ে যেতে হবে। মানুষের মর্যাদা যেন প্রত্যেক মানুষ পায় তা নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ রেহমান সোবহান, রাশেদা কে. চৌধুরী, অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও আসিফ ইব্রাহীম।

দিনব্যাপী সম্মেলনে চারটি ইস্যুতে পৃথক সেশন অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হলো— অর্থনৈতিক, সামাজিক, জলবায়ু ও পরিবেশ প্রসঙ্গ এবং সুশাসন। ‘বাংলাদেশে রূপান্তরমুখী অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অন্বেষণে: তাদেরকে পেছনে রাখা যাবে না’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।

নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বিকাল ৫টায় সম্মেলন শেষ হবে। এর আগে বিকাল ৪টায় নাগরিক সমাজের পক্ষ থেকে পাঠ করা হয় ঘোষণাপত্র।