কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা পরিচালকের মৃত্যু

কদমতলীরাজধানীর কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মো. শফিকুল ইসলাম (২৭) নামে এক মাদ্রাসা পরিচালকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতবস্থায় ওই মাদ্রাসা পরিচালককে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে বিকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের ভগ্নিপতি মো. শাহজাহান জানান, সোমবার দুপুরে ধনিয়া ক্লাব মোড়ে আলকারিম মাদানী মাদ্রাসায় বৈদুতিক লাইট মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক বিকাল পৌনে ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।
শফিকুল মাদ্রাসা পরিচালনার পাশাপাশি স্থানীয় বায়তুল ইসলাম মসজিদের মোয়াজ্জেম ছিলেন। তিনি শরিয়তপুর জেলার পালং উপজেলার চড়চিকনদী গ্রামের মো. আব্দুস ছালাম আকনের ছেলে, বলেও জানান ভগ্নিপতি।