ছিনতাইকালে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় মামলা, এএসআই প্রত্যাহার

নিহত শিশু আরাফাতের মা আকলিমা বেগমের আহাজারিরাজধানীর দয়াগঞ্জ মোড়ে ছিনতাইকারীদের আক্রমণে মায়ের কোল থেকে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় মামলা করেছেন শিশুটির বাবা শাহ আলম গাজী। মঙ্গলবার দুপুরে যাত্রাবাড়ী থানায় উপস্থিত হয়ে তিনি এ মামলা দায়ের করেন। মামলা নম্বর-৬৭। মামলায় অজ্ঞাতনামা একজনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে, এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এএসআই বদরুল হোসেনকে প্রত্যাহার করেছে পুলিশের ওয়ারী বিভাগ। ওয়ারী জোনের এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘যেখানে ঘটনা ঘটেছে তার পাশের পুলিশের চেকপোস্ট ছিল। এএসআই বদরুল সেখানের দায়িত্বে ছিলেন। দায়িত্বে অবহেলার জন্য তাকে প্রত্যাহার করা হয়েছে।’

প্রসঙ্গত, সোমবার সকালে রাজধানীর দয়াগঞ্জ মোড়ে ছিনতাইকালে মায়ের কোল থেকে পড়ে মারা যায় শিশু আরাফাত (৭ মাস)। শিশুটি শরীয়তপুর সদরের নরসিংপুর গ্রামের শাহ আলম গাজীর ছেলে। তার মায়ের নাম আকলিমা বেগম।

জানা গেছে, শাহ আলম গাজীর দুই ছেলে। বড় ছেলে আলামিন (২ বছর) খুবই অসুস্থ। চিকিৎসার জন্য তারা সপরিবারে ঢাকায় রওনা হয়। সোমবার ভোরে তারা সদরঘাটে নামে। পরে শাহ আলম বড় ছেলে আলামিনকে নিয়ে শ্যামলীর শিশু হাসপাতালের উদ্দেশে রওনা হয় এবং মা আকলিমা বেগম ছোট ছেলে আরাফাতকে নিয়ে রিকশায় করে শনিরআখড়ায় বোনের বাসায় যাচ্ছিল। রিকশাটি দয়াগঞ্জ মোড় এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা চলন্ত অবস্থায় আকলিমার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার কোলে থাকা শিশু আরাফাত নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:
ছিনতাইকালে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু
ব্যাগ ছেড়ে দিয়েও ছিনতাইকারীর হাত থেকে সন্তানকে বাঁচাতে পারলেন না মা