আতাউর রহমান জানান, দুর্ঘটনার পরপরই রামপুরা থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। তবে রামপুরা থানার ওসি জানান, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পথচারীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
জানা গেছে, আহতদের মধ্যে শেখ মোহাম্মদ সাদমান নামে একজন মগবাজার ওয়্যারলেস গেটের ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। বাকি তিন জনের তথ্য এখনও জানা যায়নি।
রামপুরা থানার ওসি প্রলয় কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছানের আগেই পথচারীরা আহতদের হাসপাতালে নিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে আমরা গাড়িটি উদ্ধার করেছি। সেটি এখন আমাদের হেফাজতে আছে।’
এদিকে, রামপুরার টহল পুলিশের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গাড়ির ভেতরে মদের বোতল পাওয়া গেছে। ধারণা করছি, তারা মদ্যপ অস্থায় গাড়ি ড্রাইভ করছিল। তিন জন ছেলে ও এক মেয়ে ছিল গাড়িতে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ‘আহত শেখ মোহাম্মদ সাদমান মগবাজারের কমিউনিটি হাসপাতালে ভর্তি আছেন। তার পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে। পরিবারের লোকজন আসছে।’ এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।