মিঠুন চাকমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মিঠুন হত্যার বিচারের দাবিতে মিছিল করে জাতীয় মুক্তি কাউন্সিলখাগড়াছড়িতে পাহাড়িদের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মিঠুন চাকমাকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় মুক্তি কাউন্সিল।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন মিঠুন চাকমা। চাইলে তিনি ঢাকায় থেকে সুখ-স্বাচ্ছন্দ্যে জীবন-যাপন করতে পারতেন। কিন্তু তা না করে পার্বত্য জেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পাহাড়ে ফেরত গেছেন।’

বক্তারা আরও বলেন, ‘তাকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এছাড়া, সংগঠনের নেতারা ৮ জানুয়ারি সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। এরপর তারা প্রেসক্লাব এলাকায় মিছিল করেন।

এসময় সংগঠনের নেতা মহিউদ্দিন, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়সালসহ অন্য কর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির পানখাইয়া পাড়ার স্লুইসগেট এলাকায় মিঠুন চাকমাকে (৪০) গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রসীত খীসা সমর্থিত ইউপিডিএফ-এর অন্যতম সংগঠক ছিলেন মিঠুন চাকমা। তাকে হত্যার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ (গণতান্ত্রিক)-কে দায়ী করেছেন দলীয় নেতারা। এই ঘটনায় খাগড়াছড়ি শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।