অনুমতি ছাড়া শহীদ কাদরীর বইয়ের প্রকাশনা বন্ধের দাবি

‘শহীদ কাদরীর কবিতার অনুরাগীবৃন্দ’ সংগঠনের মানববন্ধনবিনা অনুমতিতে প্রয়াত কবি শহীদ কাদরীর বইয়ের প্রকাশনা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ‘শহীদ কাদরীর কবিতার অনুরাগীবৃন্দ’ নামের একটি সংগঠন।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। এ সময় ‘শহীদ কাদরীর কবিতার অনুরাগীবৃন্দ’ সংগঠনের সদস্য সচিব মো. ফজলুল হক জানান, ২০১৬ সালের ২০ আগস্ট একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরীর মৃত্যুর পাঁচ মাস পরেই ‘শহীদ কাদরীর কবিতা সমগ্র’ প্রকাশ করে একটি প্রকাশনী। এরপর গত বছরের সেপ্টেম্বরে শহীদ কাদরীর লেখা নিয়ে আরও দুটি বই ‘গোধূলীর গান’ এবং ‘তোমাকে আংটির মত পড়েছি স্বদেশ’ প্রকাশিত হয়। 

তিনি বলেন, ‘প্রকাশনা সংস্থাগুলোর এরকম আচরণে ক্ষুব্ধ হয়ে আমরা কবির অনুরাগীরা প্রতিবাদ জানাতেই এই মানববন্ধনের আয়োজন করেছি। আমাদের দাবি, শহীদ কাদরীর একমাত্র সন্তান আদনান কাদরীর বিনা অনুমতিতে যেন অবৈধভাবে কবির বই প্রকাশিত না হয়।’

মানববন্ধনে সংগঠনের সদস্য আফতাব বাবু, মো. সোহেল, মোহাম্মদ হোসেন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।