বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশন অব্যাহত

 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের আমরণ কর্মসূচিএমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণের একদফা দাবিতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশন কর্মসূচি চলছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ তম দিনের মতো এই কর্মসূচি শুরু হয়।

কর্মসূচি থেকে ৬টি শিক্ষক-কর্মচারী সংগঠনের জোট ‘বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরাম’র নেতারা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষক-কর্মচারীরা প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে অবস্থান ধর্মঘট ও পরে আমরণ অনশন করছে। কিন্তু এ পর্যন্ত সরকারের তরফ থেকে কোনও ইতিবাচক সাড়া আমরা পাইনি। তাই লিয়াঁজো ফোরামের পক্ষ থেকে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি আবারও সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ধর্মঘটের আহ্বান করছি।

তারা আরও বলেন, প্রেসক্লাবের সামনে একটানা অনশনে এবং প্রচণ্ড শীতে বৃহস্পতিবার আরও দশজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ৫জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত অনশনে এসে মোট ১৩৪জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।