রিয়াদে এসএসসি পরীক্ষা শুরু

সৌদি আরবের রিয়াদের বিআইএসসি-তে এসএসসি পরীক্ষা বাংলাদেশের সঙ্গে সঙ্গে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা শাখা (বিআইএসসি)-তে মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় এ পরীক্ষা শুরু হয়। এসময় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের সচিব এম এ আব্দুল ওয়াহাব, বিআইএসসি অধ্যক্ষ মো. বদরুল আলম ও হল সুপারসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদে প্রচণ্ড শীত থাকলেও নির্ধারিত সময়ের আধাঘণ্টা আগে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হয় পরীক্ষার্থীদের। এরপর  সকাল ৭টায় বাংলাদেশ দূতাবাসের ভল্ট থেকে আনা প্রশ্নপত্রগুলি পরিদর্শকের উপস্থিতিতে খোলা হয়। তারপর তা বিলি করেন হল সুপারের সঙ্গে থাকা সংশ্লিষ্ট শিক্ষকরা।

দু’টি হলে ছাত্রছাত্রীদের আলাদাভাবে পরীক্ষায় অংশগ্রহণ করার ব্যবস্থা নেওয়া হয়। পরীক্ষা চলাকালীন দূতাবাসের মনোনীত পরীক্ষা পরিদর্শক কর্মকর্তারা হল দু’টি পর্যায়ক্রমে ঘুরে ঘুরে নজরদারি করেন।

পরিদর্শক কর্মকর্তা এম আব্দুল ওয়াহাব জানান, বাংলাদেশের সময় ধরেই পরীক্ষা শুরু হয়েছে। নকল করার মতো কোনও ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, ‘ঢাকা থেকে পাঠানো প্রশ্নপত্রগুলি দূতাবাসের ভল্ট থেকে সাবধানতার সঙ্গে আনা হয়েছে। নির্ধারিত প্যাকেট খুলে যথাসময়ে পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে।’

এ ব্যাপারে অধ্যক্ষ মো. বদরুল আলম বলেন, ‘এবছর বিআইএসসি থেকে মোট ১২৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩৩ ছাত্র এবং ৫২ ছাত্রী, ব্যবসায় শিক্ষা থেকে ১৬ ছাত্র এবং ১৬ ছাত্রী। এর মধ্যে অনিয়মিত ছাত্র ৯ এবং ছাত্রী ২ জন।’

এছাড়া সৌদি আরবের দক্ষিণাঞ্চল আল-বুরাইদা থেকে ৪ ছাত্রী এই পরীক্ষায় যোগ দিয়েছেন। এসব পরীক্ষার্থীর অভিভাবকরা জানিয়েছেন, ‘৩০০ কিলোমিটার দূরবর্তী বুরাইদা থেকে সন্তানদের নিয়ে রিয়াদে পরীক্ষার হলে আসার জন্য শেষ রাতে রওয়ানা দিতে হয়েছে তাদের। সময় ধরার জন্য এভাবেই আসা-যাওয়া চলবে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত।’