‘আমরা সাংবাদিক, গুপ্তচর নই’

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন (বনপা)। শনিবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

৩২ ধারা বাতিলের দাবিতে মানববন্ধনসমাবেশে বক্তারা বলেন, ‘বর্তমান সরকার গত ২৯ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন দেয়। ৩২ ধারায় সংঘটিত এই অপরাধের জন্য সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ২৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। কেউ যদি এই অপরাধ দ্বিতীয়বার বা বারবার করেন, তাহলে তার সেই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।’

বক্তারা আরও বলেন, ‘আমরা বলতে চাই, আমরা সাংবাদিক। আমরা গুপ্তচর নই। দেশে অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের সহযোদ্ধা এই সাংবাদিকরা। তাই আমাদের জোর দাবি প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর কালো ধারা ৩২ সহ ২৫, ২৬, ২৯ ও ৩১ ধারা অবিলম্বে বাতিল করে এই আইন পাশ করা হোক। তা না হলে অনলাইন সাংবাদিকতার অধিকার খর্ব হবে এবং স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে।’

এ আইন সাংবাদিকতা এবং গণবিরোধী উল্লেখ করে তারা আরও বলেন, ‘এ আইন সংসদে পাস হলে সাংবাদিকরাই হবেন এর সবচেয়ে বড় শিকার।’ এছাড়া জাতীয় অনলাইন নীতিমালা দ্রুত সংসদে পাস করার দাবিও জানান তারা।