বনানীর হোটেলে তরুণী ধর্ষণের মামলায় দুজন কারাগারে

রাজধানীর বনানীর দি স্টার প্যালেস হোটেলে এক  তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দুই বন্ধু রাজীব আহমেদ ও রুবেল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত তাদের রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আগামী ৭ ফেব্রুয়ারি।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে দুই আসামিকে আদালতে হাজির করে বনানী থানার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন (ওসি) তাদের পাঁচ দিনের রিমান্ড চান। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে মহানগর হাকিম আহসান হাবীব বিচারক নথিতে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।

ধর্ষণের অভিযোগে ওই নারী রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে বনানী থানায় মামলা করেন।

আদালতে উপস্থিত রাজীবের বাবা আনোয়ার হোসেন জানান, গতকাল রাতে ঘটনার কথা শুনে তিনি গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ঢাকায় এসেছেন। তার ছেলে (রাজীব) সাউথইস্ট ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে। বর্তমানে রবি কোম্পানি চাকরি করছে। রাজীব বিবাহিত। তার এক সন্তান আছে। গ্রেফতার হওয়া অন্য আসামি রুবেলের বাড়ি বরিশালের মোলাদী।

এজহার থেকে জানা যায়, ৩ ফেব্রুয়ারি জন্মদিনের কথা বলে বনানীর স্টার প্যালেস হোটেলে ওই নারীকে ডেকে নেন আসামি রাজীব। পরে নেশাজাতীয় দব্য খাইয়ে তাকে ধর্ষণ করে।

এর আগে গত বছর আপন জুয়েলার্সের মালিকের ছেলে ও তার বন্ধুর বিরুদ্ধে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে বনানীর রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় করা মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন।