পরিবেশ দূষণের দায়ে ১১ প্রতিষ্ঠানের পৌনে ২৬ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদফতরপরিবেশ দূষণের দায়ে ১১টি প্রতিষ্ঠানকে ২৫ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং। এর মধ্যে ঢাকার তেজগাঁও, গাজীপুর ও মুন্সীগঞ্জের ৭টি কারখানা এবং টাঙ্গাইলের ৪টি ইটভাটা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অধিদফতরের সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমান।
মঙ্গলবার পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং শুনানি শেষে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ক্ষতিপূরণ নির্ধারণ করেন। পরিবেশগত ছাড়পত্র ও তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছাড়া কারখানার দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় পরিবেশে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করায় প্রতিষ্ঠানগুলোর এ পরিমাণ টাকা জরিমানা করা হয়।
ক্ষতিপূরণ ধার্য করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা মহানগরের তেজগাঁও এলাকার ‘ট্রান্সফর্ম ওয়াশিং অ্যান্ড স্যান্ড ব্লাস্টিংকে’ ১ লাখ ৮৬ হাজার ২৪০ টাকা; গাজীপুরের ‘লুজিন ফ্যাশন লিমিটেডকে’ ৪ লাখ ৫০ হাজার টাকা; ‘ট্রেড ইঞ্জিনিয়ারিংকে’ ২, লাখ টাকা, ‘ওমকার টেক্সটাইলকে’ ৬৫ হাজার ৫৬ টাকা, ‘জেনট্রি ফার্মাসিউটিক্যালসকে’ ১ হাজার ২৫৮ টাকা; মুন্সীগঞ্জের ‘মেসার্স বিসমিল্লাহ বোর্ড মিলসকে’ ৩ লাখ ৮৩ হাজার ৫৮৪ টাকা; ‘একতা ফাইবার ইন্ডাস্ট্রিজকে’ ১ লাখ টাকা; টাঙ্গাইল জেলার ‘মেসার্স মুন ব্রিকসকে’ ৩ লাখ টাকা; ‘মেসার্স একতা ব্রিকসকে’ ৩ লাখ টাকা; ‘মেসার্স কৃষক ব্রিকসকে’ ৩ লাখ টাকা ও ‘মেসার্স কে এম আর ব্রিকসকে’ ৩ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।