আজও মেলেনি খালেদা জিয়ার মামলার রায়ের সার্টিফায়েড কপি

খালেদা জিয়া (ফাইল ছবি)জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সার্টিফাইড কপি আজ বুধবারও পাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা। এই সার্টিফাইড কপি না পাওয়ায় আগামীকাল বৃহস্পতিবারও খালেদা জিয়ার জামিনের আবেদন হচ্ছে না বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। 

তিনি বলেন, ‘আদালত থেকে বলা হয়েছিল আজকে সার্টিফাইড কপি সরবরাহ করবে, কিন্তু পেলাম না। আজকে বলা হলো আগামীকাল বৃহস্পতিবার পাওয়া যাবে।’ কপিগুলো পেলে রবিবার উচ্চ আদালতে খালেদা জিয়ার জামিনের আবেদন করা হবে বলেও জানান তিনি। 

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান খালেদা জিয়াকে দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এই আদালত থেকেই রায়ের সার্টিফাইড কপি দেওয়া হবে। গত সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার ৬৩২ পৃষ্ঠা রায়ের সার্টিফায়েড কপির জন্য তিন হাজার কপি ফলিও এই আদালতে দাখিল করেন সানাউল্লাহ মিয়া।