প্রশ্নফাঁস রোধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়: হাইকোর্ট

হাইকোর্ট

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহামন চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে এ ঘটনায় কোনও তদন্ত কমিটি গঠন করা হবে কিনা সে বিষয়ে আজ বেলা ২টার পর আদেশ দেবেন আদালত।

দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে যাদের বলা হয়েছে তারা হলেন— শিক্ষা মন্ত্রণালয় সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং উইংয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, তথ্য প্রযুক্তি সচিব, বিটিআরসি’র সচিব-চেয়ারম্যান, বিটিসিএল-এর চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক-চেয়ারম্যান, ঢাকা-রাজশাহী, কুমিল্লা-যশোর, চট্টগ্রাম, বরিশাল সিলেট, দিনাজপুর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডর চেয়ারম্যান এবং পুলিশের মহাপরিচালক।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আইনুন্নাহার সিদ্দিকী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

শুনানির পর আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা সাংবাদিকদের বলেন, ‘রিটের শুনানি নিয়ে আদালত একটি রুল জারি করেছেন। এছাড়া বিচারিক ও প্রশাসনিক তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন আদালত।’ তখন অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি হচ্ছে। এরপর আদালত উল্লেখ করেন, প্রশাসনিক কমিটিতে কারা কারা থাকছেন তা দুপুর ২টায় জানাতে হবে। ওই সময় কমিটি গঠনের বিষয়ে প্রয়োজনীয় আদেশ দেবেন বলেও জানান আদালত।

এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন যুক্ত করে এসএসসি পরীক্ষা বাতিল ও নতুনভাবে পরীক্ষা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা, সিকদার মাহমুদুর রাজি, মো. রাজু মিয়া ও নূর মোহাম্মদ আজমী।

বৃহস্পতিবার সকালে রিটকারী আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা সাংবাদিকদের বলেছেন, ‘বুধবার আমরা তিন আইনজীবী রিটটি করেছিলাম। আজ বৃহস্পতিবার শুনানি হতে পারে। শুনানির জন্য রিটটি আদালতের কার্যতালিকায় (কজ লিস্ট) রয়েছে।’

আইনজীবী আইনুন্নাহার আরও বলেন, ‘রিট আবেদনে প্রশ্নফাঁসের কারণে এসএসসি পরীক্ষা বাতিল করে নতুনভাবে পরীক্ষা নেওয়ার নির্দেশনা জারির আবেদন করেছি। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্ত ও এই ফাঁস রোধে একটি আইন প্রণয়নে আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ারও আবেদন করেছি।’

চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। এমনকি প্রশ্নফাঁসের অভিযোগে ছাত্র-শিক্ষকসহ অনেকে গ্রেফতারও হয়েছেন।

আরও পড়ুন-
এসএসসি পরীক্ষা বাতিল চেয়ে রিট