রাজধানীর দারুসসালাম থানার বসুপাড়া এলাকা থেকে এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বসুপাড়া ডি-ব্লকের ৬৫/৬/১ নম্বর বাড়ির পিছনের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) মো. রায়হানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
এখনও ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স ২০ থেকে ২৫ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, খালের একপাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।
এসআই মো. রায়হানুজ্জামান বলেন, ‘ধারণা করছি, লাশটি ৪-৫ দিন ধরে পড়েছিল। তাই পচে গলে গেছে।’ ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।