নারী সাংবাদিকতায় ইতিবাচক পরিবর্তন হয়েছে: শাহনাজ মুন্নী

‘আমরা যখন সাংবাদিকতায় এসেছিলাম তখন খুব কম সংখ্যক নারী এ পেশায় এসেছিলেন। কিন্তু আমাদের পরের জেনারেশনে দুই থেকে তিন বছর পরেই এক ঝাঁক নারীকে দেখেছি সাংবাদিকতায় আসতে। আমাদের দেখেই তার শিখেছে। তাদের দেখেছি এমন কোনও জায়গা নেই যে তারা যায়নি। এর অর্থ নারী সাংবাদিকতায় একটি ইতিবাচক পরিবর্তন হয়েছে।’ বৃহস্পতিবার (৮ মার্চ) বিকালে বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘গণমাধ্যমের কাণ্ডারি নারী’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে নিউজ ২৪ চ্যানেলের চিফ নিউজ এডিটর শাহনাজ মুন্নী এসব কথা বলেন।

নিউজ ২৪ চ্যানেলের চিফ নিউজ এডিটর শাহনাজ মুন্নীতিনি বলেন, ‘ওইসব নারীদের পরিবারও আমাদের বলেছে, আমরা কিন্তু আপনাদের দেখেই বুঝেছি আমার মেয়ে সন্তানটি সাংবাদিকতা করতে পারবে, সে সক্ষম। এই যে মনোভাব ও দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন এসেছে তা স্বীকার করতেই হবে।’

নারীরা সাংবাদিকতায় এখনও আসে অনেক কিন্তু আসার পর অনেককেই হাল ছেড়ে দিতে দেখছি উল্লেখ করে তিনি বলেন, ‘যতদিন যাচ্ছে তত সুযোগ সুবিধা বাড়ছে, ফলে মনে করি থমকে যাওয়ার তো কথা নয়। তবুও থমকে যাচ্ছে, অনেকেই হাল ছেড়ে দিচ্ছে। তবে আমার পরামর্শ হলো তোমরা হাল ছেড়ো না, টিকে থাকো, চেষ্টা করো।’ 

আরও পড়ুন: কাণ্ডারি না হলেও গণমাধ্যমের মাস্তুল অবশ্যই নারী: মিথিলা ফারজানা

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে ‘গণমাধ্যমের কাণ্ডারি নারী’ শীর্ষক বৈঠকি সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অন্যদের মধ্যে অংশ নিচ্ছেন- জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, একাত্তর টিভির কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর মিথিলা ফারজানা এবং বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।