মোহাম্মদপুরে খালে পড়ে নিখোঁজ শিশু জিসান অচেতন অবস্থায় উদ্ধার

এই খালেই নিখোঁজ হয়েছিল জিসান

রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার রামচন্দ্রপুর খালে পড়ে জিসান (৫) নামের নিখোঁজ শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (৯ মার্চ) রাত ১০টা ১০ মিনিটে তাকে উদ্ধার করা হয়। সে জীবিত নাকি মৃত তা এখনও জানা যায় নি। উদ্ধারের পর শিশুটিকে শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খালে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৪ ঘণ্টা পর শিশু জিসানকে উদ্ধার করা হয়েছে। 

জিসান (ফাইল ছবি)

জানা যায়, জিসানের বাবার নাম মোস্তাফিজুর রহমান হাসু মিয়া। পেশায় গাড়ি চালক। গ্রামের বাড়ি ঘেরাডাঙ্গা, বালিয়াকান্দি, ফরিদপুর। ঢাকার নবোদয় হাউজিংয়ে ১৫-১৬ বছর ধরে থাকেন। দুই ভাই ও এক বোনের মধ্যে জিসান সবার ছোট। বড় বোনের নাম রোক্সানা আক্তার (১৪) ও বড় ভাইয়ের নাম রতন (১২)।

রোক্সানা আক্তার বাংলা ট্রিবিউনকে জানান, আজ মাগরিবের একটু আগে বাসার সামনে খেলতে যায় জিসান। শিশুরা খালের পাশে ফুটবল খেলছিল। অনেক সময় পার হওয়ার পরেও সে ফিরছিল না। এরপর আমরা খুঁজতে বের হই। কিছুক্ষণ পর খালেরপাড়ের লোকজন বলাবলি করছিল- বাচ্চা পড়ে গেছে খালে। তখন আমি সবাইকে জিসানের ছবি দেখাই। তখন তারা বলেন- হ্যা এই বাচ্চাটা খালে বল তুলতে গিয়ে ডুবে গেছে। এরপর আমারর বাবা ও চাচারা সবাই খালে নেমে জিসানকে খুঁজতে থাকেন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসেন।

রোক্সানা আরও জানান, নবোদয় বস্তির ব্র্যাক স্কুলের প্লে-তে পড়ে জিসান।

জিসানের মায়ের আহাজারি

প্রত্যক্ষদর্শী মালেক বলেন, ‘আমি দেখলাম- খালের ময়লার ওপর দিয়ে একটা বাচ্চা নামতেছে। কী যেন তুলতে চেয়েছিল। আমি দোকানে বসে দেখতেছিলাম। এর মধ্যে দেখি ডুবে যাচ্ছে, তখন আমার ভাতিজাকে বললাম- ধর ধর ডুবে যাচ্ছে। তখন চার জন মানুষ গিয়ে তাকে ধরার চেষ্টা করে, এর মধ্যেই ডুবে যায় সে। এরপর আর তাকে কেউ খুঁজে পায়নি। ঘটনার পর ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। চার ঘণ্টা তল্লাশি করে খালের পাড়ের কংক্রিটের নিচ থেকে অচেতন অবস্থায় শিশু জিসানকে উদ্ধার করে তারা।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা জিসানকে উদ্ধার করে শিকদার মেডিক্যালে পাঠিয়েছি। তার মুখ ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল।’

উল্লেখ্য, শুক্রবার (৯ মার্চ) বিকালে নবোদয় বাজার সংলগ্ন একটি কালভার্টের ওপরে খেলার সময় ওই শিশুটি খালে পড়ে যায়। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল গিয়ে উদ্ধারে কাজ শুরু করে।

 

 এ সংক্রান্ত খবর: মোহাম্মদপুরে খালে পড়ে শিশু নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস