বিদেশি ভাষার সাইনবোর্ডের বিরুদ্ধে ডিএনসিসি’র অভিযান

বিদেশি ভাষায় লেখা সাইন বোর্ডের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানবাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে বিদেশি ভাষায় লেখা সাইনবোর্ডের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসময় পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৪ মার্চ) করপোরেশনের অঞ্চল-৩ এর আঞ্চলিক কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেমায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।  

বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রাজধানীর তেজগাঁও ও  গুলশান লিংক রোড এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের ইংরেজি সাইনবোর্ড উচ্ছেদ করা হয়। এসময় পাঁচটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে—সিটিজেন টাওয়ার, ফরচুন ফার্নিচার, এক্সিকিউটিভ মোটরস, বিগ কার বাজার ও  শুজো কার শো রুম। এছাড়া আদালত চলাকালে বাধা সৃষ্টি করায় এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়।

প্রসঙ্গত, হাইকোর্টের এক আদেশ অনুযায়ী শুধুমাত্র দূতাবাস, বিদেশি সংস্থা ব্যতীত সব প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার বাংলায় লেখা বাধ্যতামূলক। স্থানীয় সরকার বিভাগ থেকে হাইকোর্টের আদেশটি বাস্তবায়ন করতে  ডিএনসিসির কাছে পাঠানো হয়।

বিদেশি ভাষায় লেখা সাইন বোর্ডের বিরুদ্ধে ডিএনসিসির উচ্ছেদ অভিযান এরপর গত ২৮ জানুয়ারি দুটি জাতীয় দৈনিক পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ডিএনসিসি এ উচ্ছেদ অভিযান শুরু করে। এর আগে বাংলায় না লিখে ইংরেজিতে লেখা সাইনবোর্ডের প্রতিষ্ঠানগুলোকে সাতদিন সময় দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেমায়েত হোসেন বলেন, ‘আমরা সময় দিয়েছি। পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছি। কিন্তু অনেকেই তাদের দোকান ও প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলায় নিশ্চিত করেনি। আমাদের আওতাধীন এলাকার প্রত্যেকটি নামফলক, সাইনবোর্ডে বাংলা ভাষা নিশ্চিত না করলে ডিএনসিসির উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।