নেপালে বিমান দুর্ঘটনায় নিহত রফিক জামান, সানজিদা হক বিপাশা ও তাদের সন্তান অনিরুদ্ধনেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঢাকায় মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে তাদের শ্রদ্ধা জানানো হবে। বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে মানিক মিয়া এভিনিউতে (এমপি হোস্টেলের বিপরীতে) মোমবাতি প্রজ্বালন করবে প্রতিবন্ধী নাগরিক সংগঠন পরিষদ (পিএনএসপি)। সেখানে প্রতিবন্ধী মানুষের অধিকার ও ক্ষমতায়ন প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রদূত ও সংগঠক রফিক জামান, তার স্ত্রী সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সমন্বয়কারী সানজিদা হক বিপাশা এবং একমাত্র সন্তান অনিরুদ্ধ জামানসহ নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও সমাবেশ করা হবে।
এ সময় সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার, সানজিদা হক বিপাশা ও তার স্বামী রফিক জামানের পরিবারের সদস্যদের থাকার কথা রয়েছে।
রফিক জামান, তার স্ত্রী সানজিদা হক বিপাশা এবং একমাত্র সন্তান অনিরুদ্ধ জামান গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত দুর্ঘটনায় না ফেরার দেশে চলে যান।
রফিক জামান প্রতিবন্ধী নাগরিক সংগঠন পরিষদের (পিএনএসপি) অন্যতম উদ্যোক্তা ও পরিচালক এবং সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাংগুয়েজ ইউজার্স (এসডিএসএল)-এর কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: উড়োজাহাজ-ভীতিই কাল হলো রফিক-সানজিদা দম্পতির