‘বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের বীমার টাকা না দেওয়ার সুযোগ নেই’

বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের বীমা কোম্পানি নিয়মানুযায়ী তাদের প্রাপ্ত টাকা পরিশোধ করবে। এটা না দেওয়ার কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন মেঘনা লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকালে ‘বীমা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মেঘনা লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদতিনি বলেন, ‘আসলে বীমা শিল্পের একটি নিয়মনীতি আছে। যেহেতু বিমানে যাত্রী যারা মারা গেছেন তাদের ইনস্যুরেন্স আছে অর্থাৎ একটা ইন্টারন্যাশনাল ডকুমেন্ট নিয়ম অনুযায়ী কোম্পানি তাদের বীমাটা নিয়েছে। ইউএস বাংলা, তারা একটি চুক্তি করেছে একটি বীমা কোম্পানির সঙ্গে। বীমা কোম্পানির চুক্তি অনুযায়ী শতভাগ ক্ষতিপূরণ পাবেন।’

আবার যারা এই বীমাটা করেছে তারা আবার বিদেশি রি-ইনস্যুরেন্স কোম্পানির সঙ্গে রি-ইনস্যুরেন্স করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তার সঙ্গে ব্রিটেন হোক বা অন্য কোনও বড় কোম্পানির সঙ্গে রি-ইনস্যুরেন্স হয়েছে। যার ফলে বাংলাদেশি বীমা কোম্পানিগুলো নিয়মকানুন মেনেই ক্ষতিপূরণ দেবে।’

রাজধানীর শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

মাহমুদুল হকের সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স লিমিটেডের উপদেষ্টা চেয়ারম্যান নাসির এ চৌধুরী, গার্ডিয়ান ইনস্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল আলম, আইনজীবী ফাহরিয়া ফেরদৌস, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ এবং বাংলা ট্রিবিউনের সাংবাদিক গোলাম মওলা।