অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুজন হাসপাতালে

অজ্ঞান পার্টিরাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন মো. মনিরুজ্জামান (৪৮) ও মোঃ লিটন (৪০)।

তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে ফার্মগেট পুলিশ বক্সের সামনে অচেতন অবস্থায় পড়ে ছিলেন মনিরুজ্জামান। তাকে উদ্ধার করে প্রথমে আল রাজী হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পকেট থেকে ন্যাশনাল আইডি কার্ড ছাড়া আর কিছু পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। কার্ড থেকে পাওয়া পরিচয় অনুযায়ী তিনি মো. মনিরুজ্জামান খান (৪৮)। বাবা মৃত আমান উল্লাহ খান ও মা সালেহা। বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামে।

নারায়ণগঞ্জের চিটাগাংরোড বাস স্টেপেজ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় মো. লিটনকে। তার সহকর্মী (সুপারভাইজার) মো. বেলাল হোসেন সংবাদ পেয়ে তাকে উদ্দার করে বৃহস্পতিবার দুপুরে ঢামেক হাসপাতালে ভর্তি করান। তিনি বলেন, লিটনের বাড়ি দিনাজপুরে এবং তিনি নরসিন পরিবহনের ওই এলাকার ম্যানেজার। তিনি একটা কাজে ৬০ হাজার টাকা নিয়ে দিনাজপুর থেকে ঢাকা আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তার টাকা খোঁয়া গেছে।