৩ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল’ শুরু

শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল’। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিমানমন্ত্রীসহ অন্যরাঅনুষ্ঠানের শুরুতে কাঠমান্ডুতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে উপস্থিত সবায় ১ মিনিট নীরবতা পালন করেন। নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৪৮টি প্রতিষ্ঠান ৫টি প্যাভিলিয়ন ও ৬০টি স্টলে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল ও ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট, পর্যটন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। মেলায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন সংস্থা, নেপাল ট্যুরিজম বোর্ড, ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড, শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরোর মতো ৫টি জাতীয় পর্যটন সংস্থা অংশগ্রহণ করেছে।

২২-২৪ মার্চ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা ভিজিট করা যাবে। প্রবেশমূল্য রাখা হয়েছে জনপ্রতি ৩০ টাকা। এদিকে ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে ব্যাংকক, সিংগাপুর, ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কোলকাতা ও কাঠমান্ডু রুটে ইকোনমি ক্লাসের রির্টান টিকেটে ২০ শতাংশ ছাড় দেবে। মেলায় টিকেট মূল্যে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে রিজেন্ট এয়ারওয়েজ।

মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (বিক্রয় ও বিপণন) মো. আলী আহসান, ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী ইমরান আসিফ এবং বাংলাদেশ মনিটর পত্রিকার সম্পাদক কাজী ওয়াহিদুল আলম প্রমুখ।