বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পাহাড়-সমতলে ব্যাপক আন্দোলনের মুখে দীর্ঘ ৩৩ দিন পর গত ১৯ এপ্রিল অপহরণকারীরা মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে মুক্তি দিতে বাধ্য হয়। জনগণের আন্দোলন দুর্বল করার হীন উদ্দেশ্যে প্রশাসনের মদদপুষ্ট দুর্বৃত্তরা মন্টি ও দয়াসোনা চাকমাকে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে নিষ্ক্রিয় রাখতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কোনও নাগরিকের সভা-সমাবেশে অংশগ্রহণ ও সংগঠন করার সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারোর নেই। সংগঠনের নেতৃবৃন্দ অপহরণকারীদেরও শাস্তির দাবি করেন।
এর আগে শুক্রবার জাতীয় মুক্তি কাউন্সিলের কার্যালয়ে হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী নিরূপা চাকমার সভাপতিত্বে মন্টি ও দয়াসোনাকে সংবর্ধনা দেওয়া হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত,সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু,বিপ্লবী নারী মুক্তির আহ্বায়ক নাসিমা নাজনীন, সিপিবির নারী সেলের সদস্য জলি তালুকদার, বিপ্লবী নারী ফোরামের সদস্য আমেনা আক্তার, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিনয়ন চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি ও প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক গোলাম মোস্তফা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি পারভেজ লেলিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক সরকার আল ইমরান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ও গণতান্ত্রিক যুব ফোরামের দপ্তর সম্পাদক রিপন চাকমা প্রমুখ।